Header Ads

Header ADS

রংপুরে তারেক রহমান: ধানের শীষের পাশাপাশি জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান

 

রংপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান ধানের শীষ ও জুলাই সনদের গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান

রংপুরে তারেক রহমান: ধানের শীষের পাশাপাশি জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হওয়ার পর এই প্রথম তিনি প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন।

শুক্রবার রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

সংস্কার প্রশ্নে অবস্থান স্পষ্ট বিএনপির

তারেক রহমান বলেন, বিএনপি কখনো সংস্কার প্রশ্নে লুকোছাপা করেনি। জনগণের সামনে স্পষ্টভাবে জানিয়েছে কোন বিষয়ে দলটি সম্মত এবং কোন বিষয়ে অসম্মত। তিনি বলেন, “আজ থেকে প্রায় আড়াই বছর আগে যখন স্বৈরাচার দেশের মানুষের কাঁধে চেপে বসেছিল, তখন বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব জনগণের সামনে তুলে ধরেছিল।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর সংস্কার কমিশন গঠন করা হলে বিএনপি সেখানে অংশ নেয় এবং নিজেদের সংস্কার প্রস্তাব জমা দেয়। কমিশনের অনেক প্রস্তাব বিএনপির আগের প্রস্তাবের সঙ্গে মিল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার

বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের প্রকৃত পরিবর্তন আনতে হলে দুর্নীতির টুঁটি চেপে ধরতে হবে। তার অভিযোগ, বিগত সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। দুর্নীতিবাজদের বিচার এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান বলেন, শুধু বড় ফ্লাইওভার বা ভবন করলেই উন্নয়ন হয় না। মানুষ চায় কর্মসংস্থান ও জীবনের বাস্তব পরিবর্তন।

কৃষক ও রংপুর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা

বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, কৃষক কার্ড চালু এবং কৃষিপ্রধান অঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। রংপুরকে পিছিয়ে পড়া নয়, বরং সম্ভাবনাময় অঞ্চল উল্লেখ করে তারেক রহমান বলেন, সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব পেলে এই অঞ্চল দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে।

তিনি রংপুর ও দিনাজপুর অঞ্চলে কৃষিপণ্যভিত্তিক শিল্প গড়ে তোলার কথা বলেন এবং পীরগঞ্জে কয়লা উত্তোলনের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

নির্বাচন ও তিস্তা প্রকল্প প্রসঙ্গ

তারেক রহমান বলেন, ৫ আগস্টের পরিবর্তন কোনো একক দলের কারণে হয়নি; তৃণমূলের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পরিবর্তন এসেছে। এই পরিবর্তন ধরে রাখতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে তিস্তা ব্যারাজ প্রকল্প ও খাল খননের কাজ দ্রুত শুরু করা হবে।

জনসভা ও অন্যান্য কর্মসূচি

রাত ৮টা ৩৫ মিনিটে তারেক রহমান জনসভা মঞ্চে পৌঁছালে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু

এর আগে তিনি জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, বগুড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং বিভিন্ন পথসভায় অংশ নেন।

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.